নিউজ ডেস্ক: কেউ বিপদে পড়েছেন অথচ সাহায্যের জন্য অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষন, এই ছবি বদলাতে এবার শহরের রাস্তায় নেমেছে বিশেষ দল। নির্দিষ্ট কোনও থানায় বসে নয়, সরাসরি রাস্তায় ঘুরে পরিস্থিতির উপর নজর রাখবেন তাঁরা। প্রয়োজনে কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়ার লক্ষ্যে থাকবে।
মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতে দুর্গাপুরে চালু হল এক বিশেষ উদ্যোগ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট-এর পক্ষ থেকে তৈরি করা হয়েছে 'দুর্গা সুরক্ষা স্কোয়াড'। প্রশিক্ষিত মহিলা পুলিশ আধিকারিকদের নিয়ে তৈরি এই দল এবার থেকে শহর ও সংলগ্ন এলাকায় নিয়মিত নজরদারি রাখবে। স্কুটারে করে বিভিন্ন এলাকায় টহল দেবে বাহিনীর সদস্যরা। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা, জনবহুল এলাকা যেখানে মহিলাদের যাতায়াত বেশি সেই সমস্ত এলাকায় বাড়ানো হবে নজরদারি। পুলিশের উদ্দেশ্য, কোনও মহিলা সমস্যায় পড়লে খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
শুধু সাধারণ টহল নয়, পরিস্থিতির প্রয়োজন হলে প্রশিক্ষিত মহিলা পুলিশ আধিকারিকেরা অস্ত্র নিয়েও রাস্তায় নজরদারি চালাতে পারে। ফলে, জরুরী পরিস্থিতিতে দ্রুত পুলিশের হস্তক্ষেপের সুযোগ হবে। দুর্গাপুর স্কোয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডঃ প্রণব কুমার। এছাড়াও ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই এবং ডেপুটি কমিশনার রাসপ্রীত সিং-সহ পুলিশ কমিশনারেটের একাধিক আধিকারিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে শুধুমাত্র নজরদারি বাড়ানো নয় বরং মহিলাদের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ করাও লক্ষ্য। কোনও সমস্যা বা জরুরী পরিস্থিতিতে দ্রুত পুলিশের সাহায্য পেতে ১০০ অথবা ১১২ নম্বরে ফোন করা যাবে। শহরের রাস্তায় মহিলা পুলিশ আধিকারিকদের এই বিশেষ টহল কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর থাকবে। তবে, এই নতুন এই স্কোয়াড চালু হওয়ার ফলে দুর্গাপুরে মহিলা নিরাপত্তা ব্যবস্থায় পুলিশের নজরদারির একটি নতুন পর্ব শুরু হল, এ বিষয়ে সন্দেহ নেই।