তামিলনাড়ু, রেশমি ব্যানার্জি: দুধ উৎপাদকদের জন্য বড় ঘোষণা। এবার তাদের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল তামিলনাড়ু সরকার। দুধ উৎপাদকদের জন্য বড় ঘোষণা তামিলনাড়ু সরকারের। সরকারি দুগ্ধ সংস্থা Aavin-এর মাধ্যমে দুধ সংগ্রহের মূল্য লিটার পিছু ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সূত্রে খবর, এতদিন উৎপাদকদের কাছ থেকে প্রতি লিটার দুধ ৩৮ টাকা দরে সংগ্রহ করা হলেও এবার থেকে সেই মূল্য বেড়ে দাঁড়াবে ৪১ টাকা। সরকারের এই সিদ্ধান্তে রাজ্যের ৩ লক্ষ ১৬ হাজারেরও বেশি দুধ উৎপাদক সরাসরি উপকৃত হতে চলেছে বলে জানা গিয়েছে।
বুধবার বিধানসভায় ১১০ নম্বর বিধির অধীনে এই ঘোষণা করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। তিনি জানান, রাজ্যের আর্থিক চাপ থাকা সত্ত্বেও দুধ উৎপাদকদের পরিশ্রমের উপযুক্ত মূল্য দেওয়ার লক্ষ্যেই সংগ্রহমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সংগ্রহমূল্যের সঙ্গে প্রতি লিটারে ৩ টাকা সরকারি ইনসেনটিভও থাকছে। অর্থাৎ উৎপাদকদের হাতে আগের তুলনায় বাড়তি টাকা পৌঁছবে।
সরকারি তথ্য অনুযায়ী, এই মূল্যবৃদ্ধির ফলে তামিলনাড়ুর দুগ্ধ উৎপাদকেরা উপকৃত হবেন। দুগ্ধ উৎপাদনের এই আয়ের সঙ্গে বহু পরিবার নির্ভরশীল বলে জানা গিয়েছে। ফলে, সংগ্রহমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত তাদের মাসিক আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হয়েছে। পাশাপাশি দুধ উৎপাদনে উৎসাহ বাড়াবে এবং রাজ্যের দুগ্ধ অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।তবে উৎপাদকদের স্বার্থে নেওয়া এই সিদ্ধান্তের আর্থিক বোঝাও কম নয়। মুখ্যমন্ত্রী জানান, Aavin এর সংগ্রহমূল্য বাড়ানোর ফলে রাজ্য সরকারের প্রতি মাসে অতিরিক্ত প্রায় ৩০ কোটি টাকা ব্যয় হবে।
এদিনের ঘোষণায় আগের DMK সরকারের বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী বিজয়। তাঁর অভিযোগ, দুধ উৎপাদকদের স্বার্থে সংগ্রহমূল্য বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ আগের সরকার নেয়নি। তাঁর দাবি, বর্তমান সরকার উৎপাদকদের আয় বাড়ানো এবং তাঁদের পরিশ্রমের উপযুক্ত মূল্য দেওয়ার বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। তাই Aavin-এর এই মূল্যবৃদ্ধি একদিকে যেমন দুধ উৎপাদকদের আয় বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে, তেমনই অন্যদিকে রাজ্যের দুগ্ধ উৎপাদন ব্যবস্থাকে আরও চাঙ্গা করার বার্তা দিচ্ছে। এখন নজর নতুন দামে উৎপাদকদের আয় এবং দুধ উৎপাদনে কতটা পরিবর্তন আসে।