রাজ্যে ক্ষমতায় আসার পর বিভিন্ন ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে চলেছে সরকার। রাজ্যের কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে আরও উন্নত এবং শক্তিশালী করতে তৎপর প্রশাসন। বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্যে, গ্রামীণ কুটির শিল্পকে আরো বেশি করে বুনিয়াদ বৃদ্ধির লক্ষে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডলের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ বিষয়ক জাতীয় বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান শ্রীকান্ত গোয়েঙ্কা।
প্রশাসন সূত্রে খবর, এ দিনের বৈঠকে রাজ্যের কৃষি পরিকাঠামোর সার্বিক উন্নয়ন, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে নতুন বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গ্রামীন এলাকায় দুগ্ধ কিংবা বিভিন্ন খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণের শিল্পে জোর দেওয়া হয়েছে। এলাকায় যুবক যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যে এই ব্যবস্থা। চাষের কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের আয় কী ভাবে আরও বাড়ানো যায়, তা নিয়েও কথা বলেন তাঁরা। প্রসঙ্গত পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা কৃষি প্রধান। চাষবাস একমাত্র রুটি রুজি। তাই কৃষি কাজে কিভাবে উন্নয়ন এবং আয় উৎপাদন সম্ভব তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে এদিন।
এ ছাড়াও কৃষিক্ষেত্রে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগ বা পিপিপি মডেলে কাজ করার উপর এ দিন বিশেষ জোর দেওয়া হয়েছে। কিভাবে কৃষিজাত পণ্যের বাজার আরো সম্প্রসারণ করা যায় এবং রাজ্যে একটি দীর্ঘমেয়াদি ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা সম্ভব তা নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।