কলকাতা, নিউজ ডেস্ক: বিবাহ বার্ষিকী হোক বা জন্মদিন- পার্টি তো লেগেই থাকবে। আর পার্টি মানেই সুন্দর সুন্দর পোশাক,আলো, খাওয়া দাওয়া। আর এর পাশাপাশি থাকে বিশেষ আকর্ষণ রঙিন পানীয়। মদ্যপানের হাতছানি এড়ানো যায় না। বিশেষত বন্ধুবান্ধব বা চেনা প্রিয়জন থাকলে, জিনিসটা আরও জমে যায়। আড্ডা গল্পের সঙ্গে পার্টির মেজাজ আরো জমে ওঠে মদ্যপান করলে। তবে সে ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হয়। নইলে পরের দিন এর প্রভাব পড়ে। বিশেষ করে খালি পেটে মদ্যপান করলে সমস্যা বাড়ায়। অ্যালকোহল শরীরের প্রবেশ করে মাথা ঝিমঝিম বমি দুর্বলতা অম্বল এমনকি হ্যাং-ওভারও আনতে পারে। এ কারণেই মদ্যপান করার আগে সতর্ক থাকতে হয়। কিছু বিশেষ খাবারে নজর দিতে হয়। মদ্যপানের আগে কিছু খাবার খেলে স্বাস্থ্য ঠিক থাকে এবং সেই সাথে পরের দিন হ্যাং-ওভার হয় না। খাবারগুলি কী কী জেনে নেওয়া যাক।
দই
দইতে আছে প্রোটিন এবং ফ্যাট। দইয়ের কারণে হজম ধীরে হয়ে থাকে। ফলে অ্যালকোহল খুব দ্রুত শরীরে কাজ করতে বাধা পায়। এছাড়াও দই খাওয়ার কারণে পেটের অস্বস্তি এবং অম্বল থেকেও কিছুটা স্বস্তি মেলে। তাই মদ্যপানের আগে দই খেয়ে নেওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল।
ওটস
ওটসে আছে কার্বোহাইড্রেট, ফাইবার, আয়রন এবং ভিটামিন বি। ধীরে হজম হয় বলে, ওটস দীর্ঘক্ষণ পেট ভরা রাখে। ওটস খেলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না। ফলে একটি শরীর খারাপের আশঙ্কা কমাতে পারে। তাই মদ্যপানের আগে ওটস খেতে পারেন।
শুকনো ফল
আমন্ড এবং আখরোটে আছে স্বাস্থ্যকর ফ্যাট। এগুলিও ধীরে হজম হয়। এগুলিও অ্যালকোহল শোষণের গতি অনেকটাই কমিয়ে দেয়। একইসঙ্গে শুকনো ফল পেটে অ্যালকোহল থেকে হওয়া অস্বস্তি থেকেও কিছুটা উপশম দিয়ে থাকে।
মদ্যপানের আগে এবং মাঝে যথেষ্ট পরিমাণ জল খান। এর কারণ মদ্যপান করলে অ্যালকোহল শরীরকে ডিহাইড্রেট করে। তাই যথেষ্ট জল খেলে, সেই ঘাটতিটুকু সামলানো যায়। এছাড়াও মদ্যপানের আগে খালি পেটে অতিরিক্ত নোনতা চিপস, অথবা বেশি মশলাদার খাবার খাওয়া উচিত না। এই খাবার গুলি অম্বল ও বুকজ্বালা বাড়িয়ে দেয়। এর বদলে ডিম অথবা কলা খেতেই পারেন।
পার্টি বা বিশেষ কোনোদিনে মদ্যপান করাই যায়। কিন্তু একই সাথে মনে রাখবেন- কোনও খাবারই অতিরিক্ত মদ্যপানের ক্ষতি থেকে রক্ষা করতে পারে না। আর একই সাথে হ্যাং-ওভার এড়ানোর সোজা উপায় হল মদ্যপান নিয়ন্ত্রণে রাখা।