কর্মব্যস্ততার মাঝে হঠাৎ থমকে গেল পূর্ব রেলের যোগাযোগ। বিপাকে পড়তে গুলো রেল যাত্রীদের। জানা গিয়েছে ভদ্রেশ্বর স্টেশনের কাছে একটি রেল ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার জেরে থমকে যায় ট্রেন চলাচল। হাওড়া-বর্ধমান মেন শাখার আপ পরিষেবা দীর্ঘক্ষণ বন্ধ হয়ে যায় এর ফলে। একের পর এক ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে। অফিস যাত্রী থেকে সাধারণ যাত্রী সকলকেই সমস্যার মধ্যে পড়তে হয় এর কারণে।
রেল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে ভদ্রেশ্বর স্টেশনের কাছে রিভার্স লাইন থেকে মেন আপ লাইনে একটি রেল ইঞ্জিন তোলা হচ্ছিল। সেই সময় আচমকাই ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আপ মেন লাইন এবং রিভার্স লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেলের ইঞ্জিনিয়ার, প্রযুক্তিবিদ ও উদ্ধারকারী দলের সদস্যরা। ভারী যন্ত্রপাতির সাহায্যে লাইনচ্যুত ইঞ্জিনটিকে পুনরায় লাইনে তোলার কাজ শুরু হয়।
যদিও ডাউন লাইনে সীমিত আকারে ট্রেন চলাচল চালু রাখা হয়। কিন্তু আপ লাইনে পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়। এর ফলে বহু লোকাল ও দূরপাল্লার ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে থাকে দীর্ঘক্ষণ। ট্রেনের সময়সূচি কার্যত ভেঙে যায়।
রেল যাত্রীদের দাবি, হঠাৎ করে ট্রেনের এই সমস্যা দেখা দেওয়ায় তাদের অনেকটাই বিপাকে পড়তে হয়েছে। বিকল্প রাস্তা খুঁজতে হয় তাদের। অনেকটাই দুর্ভোগের শিকার হতে হয়।
পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ এই শাখায় প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। ফলে অফিসযাত্রার ব্যস্ত সময়ে এই অপ্রত্যাশিত রেল বিপর্যয় অনেকখানি দুর্ভোগের মধ্যে ফেলেছে যাত্রীদের। তবে ঠিক কী কারণে ইঞ্জিনটি লাইনচ্যুত হল তা এখনও স্পষ্ট করেনি রেল কর্তৃপক্ষ।