NEET কেলেঙ্কারির প্রতিবাদে দিল্লির যন্তরমন্তরে অনশনে বসেছিলেন পরিবেশ ও সমাজকর্মী সৌনম ওয়াংচুক। তার এই প্রতিবাদ নড়িয়ে দিয়েছিল কেন্দ্র সরকারের 'সিস্টেম'। দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শেষ অবধি ইস্তফা দিতে বাধ্য হন।ছাত্রদের দাবি ছিল একটাই। সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ 'সিস্টেমে' স্বচ্ছতা বজায় রাখতে হবে। নইলে ভবিষ্যতে মানুষের প্রাণ বাঁচানো পেশাজীবি, ভগবানের দ্বিতীয় রূপ ডাক্তারদের কেউ বিশ্বাস করবেনা।
দিল্লিতে রাস্তা দেখালেন বিশিষ্ট শিক্ষাবিদ-সমাজকর্মী সোনম ওয়াংচুক। আর ঝাড়খণ্ডে? ঝাড়খণ্ডেও শিক্ষা দুর্নীতির প্রতিবাদে শুরু হল ছাত্র আন্দোলন। ওয়াংচুকের রাস্তায় হাঁটছেন আরেক 'আগুনে মশাল'। তিনি দেবেন্দ্রনাথ মাহাতো, রাঁচির ছাত্রনেতা। ঝাড়খণ্ডের প্রতিযোগিতামূলক পরীক্ষায় স্বচ্ছতা আনার দাবি তুলে দিন সাতেক ধরে অনশন করছেন দেবেন্দ্রনাথ।
তাঁর লড়াইয়ের কোন আলো নেই, বাহুল্য নেই! দেবেন্দ্রনাথ চান না সেটা। তিনি লড়ছেন নেপথ্য থেকে। বয়স ৩৫ বছর। রাঁচির ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা শেষ করেন ২০২০ সালে। সংস্কৃত, কুড়মালি-সহ একাধিক ভাষায় স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে দেবেন্দ্রর। হাজারিবাগ থেকে বি.এড পাশও করেছেন। এত শিক্ষাগত যোগ্যতা নিয়ে দেবেন্দ্রনাথ মাহাতো মন দিয়েছিলেন সমাজ সংস্কারমূলক কাজকর্মে। কোনও চাকরির দিকে ফিরেও তাকাননি।
২০২৪ লোকসভা ভোটে দেবেন্দ্র 'ঝাড়খণ্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা' বা 'জেকেএলএমের' হয়ে 'সিল্লি' আসন থেকে প্রার্থী হন। ভোটের লড়াইয়ে জেতেননি। তবে মানুষের জন্য কাজকর্ম থামেনি তাঁর। সেসব নিঃশব্দেই করে গেছেন। সম্প্রতি NEET-র মতোই 'ঝাড়খণ্ডের পাবলিক সার্ভিস কমিশন' ও 'স্টাফ সিলেকশন কমিশন' (কম্বাইনড গ্র্যাজুয়েট লেভেল) পরীক্ষায় কারচুপির অভিযোগ ওঠে। পডুয়ারা পরীক্ষায় স্বচ্ছতার দাবিতে বিক্ষোভ শুরু করেন। জায়গাটা রাঁচির স্টেডিয়াম।
এগিয়ে আসেন দেবেন্দ্রনাথ মাহাতো। তাঁর কথায়, ‘‘ঝাড়খণ্ড সরকার আর কমিশনের যা হাবভাব, তাদের উভয়কে নিয়েই ছাত্রছাত্রীরা ক্ষুব্ধ। ওদের লড়াইয়ে আরও জোর বাড়াতে আমি খাওয়াদাওয়া ছেড়েছি। আমাদের মূল লক্ষ্য, পরীক্ষা বাতিল এবং সবকটি পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত তদন্ত।''
দেবেন্দ্রনাথের জেদ আর সংগ্রামী মনোভাবকে কুর্নিশ করেন সোনম ওয়াংচুক। ভিডিও কল করে তাঁর সঙ্গে কথাও বলেন 'লাদাখ-ম্যান'। শিক্ষাক্ষেত্রের দেবী মা সরস্বতীই মেলালেন চিরাচরিত 'সিস্টেমে'র ছক ভাঙা, প্রতিবাদে রুখে দাঁড়ানো দুই 'ছাত্র'র লড়াইকে। বদল আসবে?




