স্পোর্টস ডেস্ক: শ্যুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে অবশেষে কাটল পদকের খরা। বক্সিংয়ে নিশ্চিত হল আরও একটি পদক। কুরাশেও এল ব্রোঞ্জ। তবে স্কোয়াশে শেষ মুহূর্তের লড়াই করেও হার মানতে হল অনাহত সিংকে। চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের (Asian Games 2026) নবম দিনে সব মিলিয়ে ভালো-মন্দ, দুই ধরণের অভিজ্ঞতারই সাক্ষী থাকল ভারতীয় শিবির। সোমবার মহিলাদের ২৫ মিটার পিস্তলের ব্যক্তিগত বিভাগে রুপো জিতলেন ইশা সিং। অন্যদিকে, বক্সিংয়ে ৭৫ কেজি বিভাগের সেমিফাইনালে উঠে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেছেন লভলিনা বরগোহাঁই। কুরাশে ব্রোঞ্জ জিতেছেন পিঙ্কি বলহারা। তবে শ্যুটিংয়ে দলগত বিভাগে পদক হাতছাড়া হওয়া এবং স্কোয়াশে অনাহতের হার কিছুটা হতাশ করেছে ভারতকে।
শ্যুটিংয়ের ব্যক্তিগত ইভেন্টে রুপো জয়ের পর ইশাকে অভিনন্দন জানিয়ে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উল্লেখ্য, মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে অষ্টম স্থানে থেকে যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। কিন্তু ফাইনালে একের পর এক কঠিন পরিস্থিতি সামলে দুরন্ত প্রত্যাবর্তন ঘটান ইশা। উত্তর কোরিয়ার কিম হিয়ন সুকের বিরুদ্ধে পর পর তিনটি শুট-অফে লড়াই করে সোনা জয়ের লড়াইয়ে পৌঁছন তিনি। সেখানে চিনের শিয়াও জিয়ারুইশুয়ানের বিরুদ্ধে নির্ধারিত ৫০ শটের শেষে দু’জনেরই স্কোর ছিল ৩৮। ফলে সোনার জন্য ফের শ্যুট-অফ হয়। শেষ পর্যন্ত একটি শটের ব্যবধানে সোনা হাতছাড়া হয় ইশার। রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। উল্লেখ্য, চলতি গেমসে পিস্তলের ব্যক্তিগত বিভাগে এটাই ভারতের প্রথম পদক। তবে দলগত বিভাগে পঞ্চম স্থানে শেষ করে ভারত। রাহি সারনোবতের একটি শট লক্ষ্যভ্রষ্ট হয়ে ফ্রেমে লাগায় পদকের দৌড় থেকে ছিটকে যায় ভারতীয় দল। মনু ভাকেরও ব্যক্তিগত ফাইনালে উঠতে পারেননি।
https://x.com/AmitShah/status/2104482492539711505
অন্যদিকে, বক্সিংয়ে ফের পদক নিশ্চিত করলেন লভলিনা। মহিলাদের ৭৫ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার সিয়ং সুইয়নের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জয় পান তিনি। ৩ রাউন্ডেই প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগ দেননি অলিম্পিকে পদকজয়ী ভারতীয় বক্সার। এই জয়ের ফলে সেমিফাইনালে পৌঁছে অন্তত ব্রোঞ্জ নিশ্চিত করেছেন লভলিনা। কুরাশে মহিলাদের ৭৮ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন পিঙ্কি বলহারা। সেমিফাইনালে দক্ষিণ কোরিয়ার মো সুমিনের কাছে ০-৫ ব্যবধানে হারলেও নিয়ম অনুযায়ী দুই পরাজিত সেমিফাইনালিস্টই ব্রোঞ্জ পান। ফলে পদক নিয়েই ফিরছেন পিঙ্কি।
স্কোয়াশে অবশ্য দিনটা ভাল গেল না অনাহত সিংয়ের। মহিলাদের দলগত বিভাগের পুল সি-র ম্যাচে জাপানের সাতোমি ওয়াতানাবের বিরুদ্ধে ২-৩ ব্যবধানে হারেন তিনি। ৫ গেমের লড়াইয়ে শেষ গেমে ৯-১১ ব্যবধানে হেরে যান আনাহত। এর আগে জোশনা চিনাপ্পা জাপানের এরিসা সানোকে হারিয়ে ভারতকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু অনাহতের হারে ম্যাচের ফল দাঁড়ায় ১-১। তবে দিনের শুরুতে চিনের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জিতেছিল ভারতের মহিলা স্কোয়াশ দল। পুরুষদের দলও চিনকে হারিয়ে অভিযান শুরু করেছে। এ ছাড়া পুরুষদের ক্রিকেটে বৃষ্টির কারণে আফগানিস্তানের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল পরিত্যক্ত হলেও আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে শ্রেয়স আইয়ারের টিম ইন্ডিয়া।