নিউজ ডেস্ক: রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধার এবং অরাজকতা মোকাবিলার ডাক দিয়ে মঙ্গলবার উত্তরবঙ্গে বড়সড় কর্মসূচিতে নামছে বিজেপি। উপলক্ষ শিলিগুড়ির রাজপথে আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও যাত্রা’। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে নিজেদের সাংগঠনিক জমি আরও মজবুত করতে এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া নিয়ে জোরদার বার্তা দিতেই এই মেগা র্যালির পরিকল্পনা নিয়েছে দল।
কর্মসূচির রূপরেখা অনুযায়ী, শহরের প্রাণকেন্দ্র বাঘাযতীন পার্ক থেকে শুরু হবে এই বিশাল পদযাত্রা। এরপর হিলকার্ট রোড পরিক্রমা করে মিছিলটি মহাত্মা গান্ধি চকে পৌঁছবে। সেখানেই আয়োজিত পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এছাড়াও অংশ নেবেন রাজ্য ও উত্তরবঙ্গের জেলা স্তরের শীর্ষ নেতৃত্ব।
শিলিগুড়ির দলীয় নেতৃত্বের দাবি, শুধুমাত্র দার্জিলিং জেলা নয়, সমগ্র উত্তরবঙ্গ থেকেই কর্মী-সমর্থকদের সমাগম ঘটবে এই কর্মসূচিতে। বিজেপির সাংগঠনিক জেলা মুখপাত্র বাপি পাল ও জেলা সভাপতি অরুণ মণ্ডলের বক্তব্য, এসআইআর বা ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের তৈরি করা বিভ্রান্তি দূর করা এবং মানুষের ভোটাধিকার রক্ষার বার্তা দেওয়াই তাঁদের প্রাথমিক উদ্দেশ্য। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই যাত্রা কার্যত জনস্রোতে পরিণত হবে বলেই নেতৃত্বের আশা।
মঙ্গলবার সকালে শিলিগুড়ি পৌঁছে একাধিক ঠাসা কর্মসূচি রয়েছে শুভেন্দুর। উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের পর তিনি জাতীয় দলের মহিলা ক্রিকেটার রিচা ঘোষ এবং প্রবীণ বিজেপি নেতা মাখন সরকারের বাসভবনে সৌজন্যমূলক সাক্ষাতে যাবেন। সেখান থেকেই সরাসরি যোগ দেবেন বাঘাযতীন পার্কের মিছিলে।
ভিআইপি সফর এবং বিশাল জমায়েতের সম্ভাবনাকে মাথায় রেখে শিলিগুড়ি জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে পুলিশ প্রশাসন। সোমবারই পুরো রুট, সম্ভাব্য ট্রাফিক ডাইভারশন এবং জমায়েতের ক্ষেত্রগুলি সরেজমিনে ঘুরে দেখেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রেজা। কমিশনারেটের তরফে জানানো হয়েছে, শহরের স্বাভাবিক জনজীবন সচল রেখেই পর্যাপ্ত পুলিশি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।




