এক ফোনেই অবৈধ মদ কারবারিদের কেল্লাফতে। গ্রেপ্তার অভিযুক্তরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মাধব বিরোধী টোল ফ্রি নাম্বার চালু করেছেন। আর সেই টোল ফ্রি নাম্বারে অভিযোগ জানাতেই মদ কারবারীদের বিরুদ্ধে অ্যাকশনে নামলো পুলিশ। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বিদেশি মদের বোতল ও প্যাকেটজাত চোলাই। পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টোল ফ্রি নম্বরে ফোন করে এক ব্যক্তি অভিযোগ করেন, বজবজ থানার অদূরেই দীর্ঘদিন ধরে অবৈধ মদ বিক্রির ব্যবসা চলছে। এরপরই বজবজ থানায় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই মতো পুলিশ অভিযানে নামে। আর তাতেই ১১৮ বোতল মদ এবং প্যাকেট ভর্তি চোলাই উদ্ধার হয়।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ কারবারের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু তাতে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। প্রভাবশালী রাজনৈতিক মহলের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি সেই সময়। কিন্তু বর্তমানে সরকার বদলের পর সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাতে তড়িঘড়ি ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।
মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে এলাকায় অবৈধ মদ কারবার বন্ধ হয়েছে। এতে খুশি স্থানীয় মানুষজন। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরো কারা কারা জড়িত আছে তার খতিয়ে দেখছে। অবৈধ কারবারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আগামী দিনেও অগ্রণী ভূমিকা নেবে বলে মনে করছে প্রশাসনিক মহল।