ভুবনেশ্বর, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: গত বার ছিল অনেকটা উৎসবের আবহ। বিশ্বের নানা প্রান্তের অ্যাথলিটদের উপস্থিতিতে ভারতের মাটিতে বিশ্ব অ্যাথলেটিক্সের আসর নিয়ে তৈরি হয়েছিল বাড়তি উন্মাদনা। এ বার ছবিটা একটু আলাদা। প্রতিযোগিতা এ বার আরও বড়, মানও উন্নত। কিন্তু ভারতীয় অ্যাথলিটদের কাছে ভুবনেশ্বরের এই আসর মূলত এশিয়ান গেমসের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ। শনিবার কলিঙ্গ স্টেডিয়ামে বসছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কন্টিনেন্টাল ট্যুরের আসর। আর সেখানে দেশের একাধিক সেরা অ্যাথলিটের লক্ষ্য, এশিয়ান গেমসের আগে নিজেদের শেষ বারের মতো ঝালিয়ে নেওয়া।
এ বার প্রতিযোগিতাটি ‘সিলভার’ পর্যায়ে উন্নীত হয়েছে। অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার কাছে যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অগ্রগতি। আগামী কয়েক বছরে ভারত একাধিক বড় আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। তার আগে বিশ্ব অ্যাথলেটিক্সের ক্যালেন্ডারে দেশের জায়গা আরও শক্ত করার লক্ষ্যেই এই আসরের গুরুত্ব বাড়ছে। ভুবনেশ্বরে নামছেন ২৭টি দেশের মোট ১৮৭ জন নামী অ্যাথলিট। তাঁদের মধ্যে বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম ৫০-এর মধ্যে রয়েছেন ৩৬ জন।
ভারতের নজর অবশ্য নিজেদের অ্যাথলিটদের দিকেই। অনিমেষ কুজুর এবং গুরিন্দরবীর সিংহের মতো স্প্রিন্টাররা এশিয়াডের আগে নিজেদের গতি আর ছন্দ যাচাই করে নিতে চাইবেন। বড় মঞ্চে নামার আগে প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের প্রস্তুতি মেপে নেওয়ার এটাই অন্যতম শেষ সুযোগ। তাই পদকের থেকেও এ দিন ভারতীয় অ্যাথলিটদের কাছে গুরুত্বপূর্ণ হবে পারফরম্যান্সের ধারাবাহিকতা, রেসের গতি এবং নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া।
আন্তর্জাতিক তারকাদের উপস্থিতিও এই প্রতিযোগিতার আকর্ষণ বাড়িয়েছে। পুরুষদের শটপাটে নাইজেরিয়ার বিশ্বক্রমে দশ নম্বরে থাকা চুকউবুকা এনেকওয়েচি নামছেন। কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন এবং প্যারিস অলিম্পিক্সের ফাইনালিস্ট তিনি। জাম্বিয়ার বিশ্বক্রমে ছয় নম্বরে থাকা মুজালা সামুকোঙ্গার নামও প্রথমে ছিল তালিকায়। প্যারিস অলিম্পিক্সে ৪০০ মিটারে ব্রোঞ্জজয়ী সেই অ্যাথলিট অবশ্য সংশোধিত স্টার্ট লিস্টে নেই। ফলে আন্তর্জাতিক মানের এই প্রতিযোগিতায় ভারতীয়দের পারফরম্যান্সের দিকে নজর থাকবে এশিয়ান গেমসের প্রস্তুতির মাপকাঠি হিসেবেই।