স্পোর্টস ডেস্ক: আইপিএলের মঞ্চে ফের নতুন ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়। ২০২৭ সালের আইপিএলের আগে দিল্লি ক্যাপিটালসের কোচিং কাঠামোয় বড়সড় বদল। দলের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হল ভারতের প্রাক্তন অধিনায়ককে। অর্থাৎ আগামী মরশুমে নিছক মেন্টর বা পরামর্শদাতা হিসেবে নয়, বরং সরাসরি হেডস্যারের ভূমিকাতেই দিল্লির ক্রিকেটারদের সামলাবেন মহারাজ। এর আগে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিকেট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সৌরভ। ২০২৫ এবং ২০২৬ মরশুমে হেমাঙ্গ বাদানির নেতৃত্বে যে কোচিং দল কাজ করেছিল, তাদের সঙ্গে এ বার আর থাকছে না দিল্লি। সেই জায়গায় অভিজ্ঞতা ও তারকাখচিত একটি নতুন কোচিং টিম তৈরি করার পথে ফ্র্যাঞ্চাইজি। আর সেই নতুন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতেই সৌরভ।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে দলের পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন তিনি। এর পর ২০২৩ সালের জানুয়ারিতে ফ্র্যাঞ্চাইজির ক্রিকেট ডিরেক্টরের দায়িত্ব নেন। এ বার সেই সৌরভই আরও বড় দায়িত্বে। শুধু আইপিএল নয়, চলতি বছর দক্ষিণ আফ্রিকার টি-২০ লিগেও প্রিটোরিয়া ক্যাপিটালসের হেড কোচ হিসেবে কাজ করেছেন তিনি। ফলে ক্রিকেট প্রশাসন থেকে কোচিং—দুই ভূমিকাতেই অভিজ্ঞতা রয়েছে সৌরভের। দিল্লি ক্যাপিটালস এখনও আইপিএল ট্রফি জিততে পারেনি। তাই নতুন মরশুমে সৌরভের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলের ধারাবাহিকতার অভাব কাটিয়ে একটি শক্তিশালী এবং চাপ সামলাতে একটি সক্ষম দল তৈরি করা। অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেটকে বদলে দেওয়ার পর এ বার কোচ হিসেবেও সৌরভের নেতৃত্বের পরীক্ষা।
তবে শুধু সৌরভ নন, দিল্লির নতুন কোচিং সেটআপে আরও কয়েকটি বড় নাম থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংকে ব্যাটিং সংক্রান্ত দায়িত্ব দেওয়া হতে পারে। দুই বিশ্বকাপজয়ী যুবরাজের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা যে দিল্লির তরুণ ব্যাটারদের কাজে আসতে পারে, তা বলাই যায়। পাশাপাশি শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্ডা ভাসকে বোলিং কোচ হিসেবে আনার আলোচনা চলছে। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ঝুলিতে রয়েছে ৭৫৫টি উইকেট। স্পিন বিভাগেও থাকছে বড় নাম। ভারতের প্রাক্তন লেগ স্পিনার অমিত মিশ্রকে সাপোর্ট স্টাফে যুক্ত করার কথা শোনা যাচ্ছে। আইপিএলের অন্যতম সফল লেগ স্পিনার হিসেবে মিশ্রর দীর্ঘ অভিজ্ঞতা দিল্লির স্পিনারদের জন্য বাড়তি সম্পদ হতে পারে। তবে যুবরাজ, ভাস এবং মিশ্রার নির্দিষ্ট দায়িত্ব নিয়ে এখনও ফ্র্যাঞ্চাইজির তরফে সরকারি ঘোষণা হয়নি।
সব মিলিয়ে সৌরভ, যুবরাজ, চামিন্ডা ভাস এবং অমিত মিশ্র, এই ৪ প্রাক্তন তারকার অভিজ্ঞতা এক ছাতার নীচে আনার পরিকল্পনা করছে দিল্লি ক্যাপিটালস। ব্যাটিং, পেস বোলিং এবং স্পিন—প্রায় প্রতিটি বিভাগেই আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞ মুখকে কাজে লাগানোর চেষ্টা স্পষ্ট। ২০২৬ সালের হতাশাজনক মরশুমের পর দিল্লির এই আমূল বদল তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তবে কাগজে-কলমে বড় নাম থাকলেই যে সাফল্য আসবে, তার নিশ্চয়তা নেই। সেই অভিজ্ঞতাকে মাঠের পারফরম্যান্সে পরিণত করাই হবে সৌরভের আসল পরীক্ষা। প্রথম আইপিএল ট্রফির খোঁজে থাকা দিল্লি এ বার মহারাজ আর যুবরাজদের হাত ধরে কতটা বদলায়, সেটাই দেখার।
