নিউজ ডেস্ক: বক্স অফিসে সাফল্যের দৌড় অব্যাহত রেখেছে ‘হনুমান অংশ’। মাত্র প্রায় ২ কোটি টাকার বাজেটে তৈরি এই ছবি বিশ্বজুড়ে ৩০০ কোটি টাকার ব্যবসার গণ্ডি পেরিয়ে এখন আলোচনার কেন্দ্রে। সেই সাফল্যের আবহেই সোমবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ছবির নির্মাতারা। অমিত শাহের বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ছবির পরিচালক বিশাল চতুর্বেদী, মুখ্য অভিনেতা শোভিনাভ সত্যা এবং প্রযোজক মহাবীর জৈন।
দেখুন: https://x.com/IndiaToday/status/2102008703537053794?s=20
বৈঠকে মূলত ছবির বিষয়বস্তু, ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্য এবং নিম করোলে বাবার জীবন ও দর্শন নিয়ে আলোচনা হয়। ‘হনুমান অংশ’ যে আধ্যাত্মিক ব্যক্তিত্বের জীবন ও ভাবধারাকে কেন্দ্র করে নির্মিত, তাঁর প্রতি অমিত শাহ গভীর শ্রদ্ধা প্রকাশ করেন বলেও ওই সূত্রে জানানো হয়েছে। একই সঙ্গে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত গল্প আরও বেশি করে দর্শকদের সামনে তুলে ধরার জন্য নির্মাতাদের উৎসাহিত করেন তিনি।
বৈঠকে পরিচালক বিশাল চতুর্বেদী ও প্রযোজক মহাবীর জৈন তাঁদের পরবর্তী ছবি ‘রামবোলা’ সম্পর্কেও অমিত শাহকে অবহিত করেন। চলতি মাসের শুরুতেই ছবিটির ঘোষণা করা হয়। গোস্বামী তুলসীদাসের জীবন ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে তৈরি হতে চলা এই ছবিটির পরিচালনা ও চিত্রনাট্য লিখবেন বিশাল চতুর্বেদী। সহ-প্রযোজনার দায়িত্বে থাকবেন মহাবীর জৈন। ফলে ‘হনুমান অংশ’-এর পর তাঁদের নতুন ছবিতেও ভারতীয় আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় উঠে আসতে চলেছে।
তবে অমিত শাহের সঙ্গে এটিই প্রথম রাজনৈতিক সাক্ষাৎ নয় ‘হনুমান অংশ’ টিমের। চলতি মাসের শুরুতে তাঁরা লখনউয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করেছিলেন। এর পাশাপাশি মুম্বইয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের সরকারি বাসভবন ‘বর্ষা’-তেও তাঁদের সাক্ষাৎ হয়েছিল।
অন্যদিকে, বক্স অফিসে ‘হনুমান অংশ’-এর যাত্রাটিও ছিল বেশ চমকপ্রদ। গত ৭ আগস্ট মুক্তির পর প্রথম দিকে ছবিটির ব্যবসা তুলনামূলক ধীর ছিল। কিন্তু ধীরে ধীরে দর্শকদের প্রশংসা এবং মুখে মুখে ছড়িয়ে পড়া ইতিবাচক প্রতিক্রিয়া ছবিটির ব্যবসায় বড় পরিবর্তন আনে। বিশেষ করে চতুর্থ সপ্তাহ থেকে ছবিটি উল্লেখযোগ্যভাবে গতি পায়। এরপর একের পর এক মাইলফলক পেরিয়ে বিশ্বব্যাপী ৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে ছবিটি।
স্বল্প বাজেটের একটি ছবি কীভাবে দর্শকের আগ্রহ ও ইতিবাচক ‘ওয়ার্ড অব মাউথ’-এর জোরে বড় বাণিজ্যিক সাফল্যে পরিণত হতে পারে, ‘হনুমান অংশ’-এর বক্স অফিস যাত্রা তারই একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে উঠে এসেছে। আর এই সাফল্যের পরেই ছবির নির্মাতাদের পরবর্তী পরিকল্পনা ‘রামবোলা’ নিয়েও তৈরি হয়েছে নতুন আগ্রহ।




