নিউজ ডেস্ক: ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র আন্দোলন ঘিরে উত্তপ্ত দেশের রাজনৈতিক পরিস্থিতি। দিল্লির যন্তর মন্তরে আয়োজিত বিক্ষোভের প্রতি সংহতি জানিয়ে মুম্বইয়ে প্রতিবাদে শামিল হয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান খান। শনিবার, ১০ অক্টোবর, মুম্বইয়ের আগস্ট ক্রান্তি ময়দান-সহ শহরের বিভিন্ন এলাকা থেকে তাঁকে এবং ৪০০-র বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ বলে জানা গিয়েছে।
অনুমতি ছাড়া জমায়েত রুখতেই এই অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে। বিক্ষোভে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে ইমরান খান বলেন, তিনি কোনও সংগঠনের প্রতিনিধি হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবেই প্রতিবাদে শামিল হয়েছেন। তাঁর বক্তব্য, স্বাধীনতায় হস্তক্ষেপ এবং মানুষের কণ্ঠস্বর রুদ্ধ করার প্রতিবাদ জানাতেই তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন।
অন্যদিকে, আন্দোলনকারীদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। আটক নেতাদের শীঘ্রই মুক্তি দেওয়া না হলে অনশন অথবা পদযাত্রার কথা বিবেচনা করতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।