নিউজ ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় রিলস তৈরির নেশা যে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে, তারই এক শিউরে ওঠার মতো ঘটনা সামনে এল খাস কলকাতায়। রিলস বানানোর জন্য এক ১৮ বছরের যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল কয়েক জনের বিরুদ্ধে। শুধু তাই নয়, গোটা ঘটনাটি মোবাইল ক্যামেরায় রেকর্ডও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে দু’জন নাবালক।
ঘটনাটি ঘটেছে গড়ফা থানার অন্তর্গত হালতুর লেনিননগর এলাকার একটি পুকুরপাড়ে। জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর কাজ সেরে বাড়ি ফিরছিলেন আক্রান্ত ওই যুবক। সেই সময় পুকুরপাড়ে কয়েক জন যুবক আড্ডা মারছিল। অভিযোগ, তাঁরা ওই যুবককে পরিচিতির সূত্রে ডেকে নিয়ে গিয়ে একটি সিমেন্টের বেঞ্চে বসায়। প্রথমে তাঁকে মদের পেগ তৈরি করে দেওয়া হয়। কিন্তু সেই পানীয়তে পেট্রল মেশানো রয়েছে বলে সন্দেহ হয় তাঁর। বিষয়টি বুঝতে পেরে তিনি তা খেতে অস্বীকার করেন।
আক্রান্তের অভিযোগ, এরপর তাঁকে হেলমেট পরিয়ে মারধর করা হয়। এমনকী, জোর করে পেট্রল খাওয়ানোরও চেষ্টা চলে। সেই চেষ্টা সফল না হওয়ায় তাঁর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে কোনওক্রমে জ্বলন্ত অবস্থাতেই সেখান থেকে দৌড়ে পালিয়ে যান ওই যুবক। প্রাণে বাঁচলেও তাঁর শরীরে আগুনে পোড়ার ক্ষত এখনও রয়েছে।
কেন তাঁর উপর এমন নৃশংস হামলা চালানো হল? আক্রান্ত যুবকের দাবি, প্রায় ছ’মাস আগে অভিযুক্তদের মধ্যে একজন তাঁর কাছ থেকে ৫০০ টাকা ধার নিয়েছিল। পরে সেই টাকা তিনি ফেরতও দিয়ে দেন। কিন্তু টাকা মিটিয়ে দেওয়ার পরেও পুরনো রাগ পুষে রেখেছিল অভিযুক্ত। সেই আক্রোশ থেকেই এই হামলা বলে মনে করছেন তিনি।
ঘটনার পর গড়ফা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবক। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে অর্ঘ্য-সহ মোট তিন জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি আরও দু’জন নাবালককেও আটক করেছে পুলিশ। রিলস তৈরির জন্যই এই ভয়ঙ্কর কাণ্ড ঘটানো হয়েছিল কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে। সামান্য কয়েকশো টাকার বিবাদকে কেন্দ্র করে এক তরুণের প্রাণনাশের চেষ্টা এবং সেই ঘটনার ভিডিয়ো করার অভিযোগ ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।




