নিজস্ব প্রতিবেদন: পর্যটকদের চোখের সামনেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। অবতরণের ঠিক আগে মাঝ আকাশে একে অপরের সঙ্গে ধাক্কা খেল দুটি হেলিকপ্টার। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে বরফে ঢাকা পাহাড়ি এলাকায় আছড়ে পড়ল দু’টি কপ্টার। নেপালের সোলুখুম্বু জেলায় এই ঘটনায় মৃত্যু হয়েছে এক বিদেশি নাগরিকের। আহত হয়েছেন আরও এক জন। মৃত ও আহতের পরিচয় নিয়ে প্রাথমিক রিপোর্টে কিছুটা অস্পষ্টতা থাকলেও, দুর্ঘটনায় ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর সামনে এসেছে।
কাঠমান্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে সোলুখুম্বু জেলার একটি হেলিপোর্টে এই দুর্ঘটনা ঘটে। নেপাল পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় দুর্ঘটনার কথা জানানো হয়েছে। স্থানীয় পুলিশ আধিকারিক নবীন রাজা বুধাথোকির বক্তব্য অনুযায়ী, সংঘর্ষের জেরে এক বিদেশি নাগরিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে দুর্ঘটনার একটি ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সেখানে দেখা যাচ্ছে, অবতরণের ঠিক আগে দুটি হেলিকপ্টারের রোটর ব্লেডের মধ্যে সংঘর্ষ হয়। এরপর ভারসাম্য হারিয়ে দ্রুত মাটিতে আছড়ে পড়ে কপ্টার দুটি। ঘটনাস্থলে উপস্থিত পর্যটক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
https://x.com/PTI_News/status/2117497036815659245?a=PV2KNs5cBoS8AREudJ8&s=20
কেন নেপালে হেলিকপ্টার দুর্ঘটনার ঝুঁকি বেশি?
বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। প্রতি বছর অসংখ্য পর্যটক ও পর্বতারোহী এভারেস্ট-সহ বিভিন্ন পর্বতশৃঙ্গ দেখতে সেখানে যান। দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াত, উদ্ধারকাজ এবং পর্যটকদের পরিবহণে হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
কিন্তু পাহাড়ি এলাকায় আবহাওয়ার দ্রুত পরিবর্তন, কম বায়ুচাপ এবং বাতাসের ঘনত্ব কমে যাওয়ার কারণে হেলিকপ্টার ওঠানামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে বেশি উচ্চতায় রোটর ব্লেডের কার্যক্ষমতা কমে যাওয়ায় পাইলটদের বাড়তি সতর্কতা প্রয়োজন হয়।
ফের প্রশ্নে পাহাড়ি বিমান চলাচলের নিরাপত্তা
উল্লেখ্য, কয়েক দিন আগেই উত্তরাখণ্ডের বদ্রীনাথে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পাইলট-সহ ছয় জনের মৃত্যু হয়েছিল। এবার নেপালে পরপর দুটি হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় পাহাড়ি এলাকায় বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কী কারণে এই সংঘর্ষ, যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখার অপেক্ষা।




