ফের রাজ্যে বিপুল পরিমাণে নগদ উদ্ধার। মালদহে রাতভর পুলিশের অভিযানে মিলল বড়সড় সাফল্য। মঙ্গলবাড়ি এলাকায় তল্লাশি চালিয়ে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা, সোনা এবং নিষিদ্ধ কাশির সিরাপ। পুলিশ সূত্রে খবর, একটি ঘর থেকে উদ্ধার হয়েছে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। পাশাপাশি ২০ গ্রাম সোনা এবং একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করা হয়েছে। নিষিদ্ধ সিরাপের কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে তিন জনকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হলেন ২৮ বছরের পিন্টু সরকার, ৩২ বছরের গোপাল চাকি এবং ৩০ বছরের সুশান্ত হালদার। তিন জনেরই বাড়ি মালদহ থানা এলাকায়। রবিবার রাতে মালদহ ও দক্ষিণ দিনাজপুর থানার স্পেশাল অপারেশন টিম যৌথ ভাবে মঙ্গলবাড়ি এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় একটি ঘর থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়। ভোর ৪টে পর্যন্ত চলে টাকা গোনার কাজ। শেষে মোট ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
পাশাপাশি মালদহের খইহট্টা এলাকায় একটি গুদামঘরেও অভিযান চালানো হয়। সেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় ৯ হাজার বোতল নিষিদ্ধ কাশির সিরাপ। পুলিশ সূত্রে দাবি, ওই সিরাপে নিষিদ্ধ মাদক থাকার অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ ১৬ হাজার টাকা।
তদন্তকারীদের সূত্রে খবর, গত মাসে দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রিপাড়ায় প্রায় ১,৫০০ বোতল নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছিল পুলিশ। সেই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই মালদহের এই কারবারের সূত্র পাওয়া যায় বলে জানা গিয়েছে।
রবিবার রাতে ওই ধৃতদের মালদহে নিয়ে এসে তদন্ত চালানো হয়। এরপরই মঙ্গলবাড়িতে আরও বড় চক্রের সন্ধান মেলে বলে পুলিশ সূত্রে খবর। বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল, নিষিদ্ধ সিরাপের কারবার কী ভাবে চলছিল এবং এর পিছনে আরও কারা রয়েছে—সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা।