কলকাতা, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: গল টেস্টের দ্বিতীয় ইনিংসে রানে ফিরলেন ঋষভ পন্থ। ৬৯ বলে ৬৬ রান এসেছে ভারতীয় উইকেটরক্ষকের ব্যাট থেকে। তবে পন্থের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া অজিঙ্কা রাহানে। ব্যাটারের মনঃসংযোগে ব্যাঘাত ঘটানো থেকে শুরু করে সতীর্থদের উৎসাহ দেওয়ায় পন্থের স্বভাবসিদ্ধ ‘চ্যাটারবক্স’ ভূমিকা নতুন কিছু নয়।
কখনও আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছেন, কখনও আবার বোলারদের তাতাচ্ছেন। কিন্তু এই মজার কাণ্ডকারখানাই যে কখনও কখনও ভারতীয় বোলারদের বিরক্তির কারণ হয়ে ওঠে, সেটাই জানিয়েছেন রাহানে। দীর্ঘ দিন পন্থের সঙ্গে সাজঘর ভাগ করে নেওয়া রাহানের দাবি, উইকেটের পিছন থেকে পন্থের কথার ঝড় সামলাতে মাঝেমধ্যেই তাঁকে সতর্ক করতে হত।
রাহানে বলেন, ঋষভ সব সময়ই এমন। অত্যন্ত বিনোদনমূলক হলেও তাঁর লাগাতার কথাবার্তা কখনও কখনও দলেরই সমস্যা তৈরি করতে পারে। শ্রীলঙ্কার ক্রিকেটাররা হিন্দি না বুঝলেও পন্থের বকবক ব্যাটারের মনঃসংযোগে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন রাহানে। তবে সমস্যা শুধু প্রতিপক্ষ ব্যাটারকে নিয়ে নয়। উইকেটের পিছনে বা স্লিপে থাকা ফিল্ডারদেরও বলের দিকে পুরোপুরি মনোযোগী থাকতে হয়।
কোনও ক্যাচের সুযোগ হাতছাড়া হলে বা বল পাশ দিয়ে বেরিয়ে গেলে বোলারদের রাগ হওয়াটাই স্বাভাবিক। রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার সময়েও নাকি পন্থকে বলা হত, প্রতিপক্ষ ব্যাটারকে বিরক্ত করো, নিজেদের বোলারদের নয়! এমনটাই উঠে এসেছে রাহানের কথায়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি টেস্টেও পন্থকে সেই চেনা মেজাজে দেখা গিয়েছে। এক সময় স্টাম্প মাইকে তাঁকে বলতে শোনা যায়, দ্রুত খেলা শেষ করার তাগিদে যেন মেঘের দিকেও নজর রাখা হয়। আবার বোলারদের উৎসাহ দিতে বলেন, সকলে মিলে যেন তলোয়ার চালানোর প্রস্তুতি নেয়।
তাঁর সেই কথাতেই যোগ দেন পরিবর্ত ফিল্ডার হিসেবে নামা সরফরাজ খান। জাদেজা তখনও বোলিংয়ে আসেননি। মজার আলোচনার মাঝেই সরফরাজ বলেন, ম্যাচ অনেক লম্বা। তাই সকলে মিলে উইকেটের উদযাপন করা হবে। পন্থ সঙ্গে সঙ্গে জাদেজার বিখ্যাত তলোয়ার-উদযাপনের প্রসঙ্গ টেনে এনে বলেন, উইকেট পেলে সকলে মিলে সেই উদযাপন করবেন।
এ দিকে ১৭৮ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে মঙ্গলবার টিম ইন্ডিয়া অলআউট ১৯৩ রানে। তবে ব্যাট হাতে প্রচারের সবটুকু আলো এ দিন একাই কেড়ে নিয়েছেন পন্থ। ৮টি চার এবং ২টি ছক্কায় সাজানো ইনিংসে দলকে সব মিলিয়ে এনে দিয়েছেন ৩৭১ রানের বিশাল লিড। পন্থের হাফ সেঞ্চুরির পাশাপাশি ৪৪ রান করেন প্রথম ইনিংসের শতরানকারী দেবদত্ত পাড়িক্কাল। এ বার কাজ বোলারদের।
প্রতিপক্ষকে পেড়ে ফেলতে তাদের হাতে রয়েছে আরও দেড় দিন। এর মধ্যেই সামনে এল রাহানের সতর্কবার্তা। প্রতিপক্ষকে চাপে রাখার কৌশল যতই কার্যকর হোক, সতীর্থদের মনঃসংযোগ যাতে নষ্ট না হয়, প্রাক্তন ক্রিকেটারের কথায় সেই সতর্কবার্তাই যেন লুকিয়ে রয়েছে।