শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে বড় উদ্যোগ রাজ্য সরকারের। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'নিউ টাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু দণ্ডায়মান মূর্তি বসানোর জন্য ইতিমধ্যে জমি নির্বাচন ও ভূমিপূজন সম্পন্ন হয়েছে। মূর্তির পাশাপাশি সেখানে একটি মিউজিয়াম এবং অন্যান্য পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।'
শুভেন্দু আরও বলেন,‘আমরা কাজ শুরু করতে বলেছি। যাতে ৬ জুলাই উদ্বোধন করতে পারি।’ এছাড়া শ্যামাপ্রসাদের পৈতৃক ভিটে হুগলির জিরাটের জন্যও কিছু সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুখ্যমন্ত্রী জানান, সেখানে স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত লাইব্রেরিকে পুুনর্নিমিত করে আধুনিক মানের তৈরি করা হবে। তার সঙ্গে একটি সংগ্রহশালা তৈরি করা হবে।
পাশাপাশি, স্কুল থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্র স্তরের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পর্ব। আজ অর্থাৎ বৃহস্পতিবার নবান্নে শ্যামাপ্রসাদ সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 'আগামী শিক্ষাবর্ষ থেকেই পর্যায়ক্রমে প্রাথমিক স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সিলেবাসে শ্যামাপ্রসাদের অবদান যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে
আগামী প্রজন্মকে অবহিত করতেই এই উদ্যোগ। শুধু পাঠ্যক্রমে অন্তর্ভুক্তিই নয়, শ্যামাপ্রসাদের জীবন ও আত্মত্যাগ নিয়ে পৃথক বইপ্রকাশেও উদ্যোগী হচ্ছে রাজ্য।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব। দেশের অখণ্ডতা এবং জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম মুখ হিসেবে তাঁর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। ১৯৫১ সালে তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ভারতীয় জনসংঘ। পরবর্তীকালে এই রাজনৈতিক ধারাই ভারতীয় জনতা পার্টির উত্থানের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।