নিউজ ডেস্ক: ভোট গণনার হিংসা রুখতে বড় পদক্ষেপ। এবার একাধিক বুথের ভোট একসঙ্গে গণনার জন্য ‘টোটালাইজার’ ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখতে কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট। এই ব্যবস্থার মূল লক্ষ্য, কোনও নির্দিষ্ট বুথের ভোটাররা কোন প্রার্থীকে কতটা সমর্থন করেছেন, সেই তথ্য সরাসরি প্রকাশ না করা।
মঙ্গলবার প্রধান বিচারপতি কান্তের নেতৃত্বাধীন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। আদালত কেন্দ্রকে জানতে চেয়েছে, ইভিএমের ভোট গণনায় ‘টোটালাইজার’ চালু করার ক্ষেত্রে কোনও আইনি, প্রযুক্তিগত বা বাস্তব সমস্যা রয়েছে কি না। নির্বাচন কমিশনকেও এ বিষয়ে তাদের প্রস্তাব কেন্দ্রের কাছে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কী এই টোটালাইজার?
টোটালাইজার হল এমন একটি ব্যবস্থা যেখানে একাধিক ইভিএমের ভোট একত্র করে প্রার্থীদের মোট ভোট প্রকাশ করা হবে। প্রস্তাবিত ব্যবস্থায় প্রায় ১৪টি ইভিএমের ভোট একসঙ্গে গণনা করা সম্ভব। ফলে কোন বুথে কোন প্রার্থী এগিয়ে বা পিছিয়ে, তা সরাসরি বোঝার যাবে না।
আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে ভোটের গোপনীয়তার বিষয়ও। ভোট পরবর্তী হিংসা দূর করাই টোটালাইজার ব্যবস্থার মূল উদ্দেশ্য। তবে এই ব্যবস্থার কিছু বাস্তব ও আইনি জটিলতাও রয়েছে। বুথভিত্তিক ফলাফল না থাকলে বর্তমান পদ্ধতিতে ভোট যাচাইয়ের কিছু প্রক্রিয়া কীভাবে বজায় থাকবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। অর্থাৎ, এখনই বুথভিত্তিক ইভিএম গণনা বন্ধ হচ্ছে না।