কলকাতা, নিউজ ডেস্ক: শারীরিক অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। শুক্রবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করার পর তাঁকে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
জানা গিয়েছে, শুক্রবার বিধানসভায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রথীন্দ্র বসু। গান্ধীজয়ন্তী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। দিনের কর্মসূচি শেষ করে বাড়িতে ফেরার পরই আচমকা শারীরিক অস্বস্তি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। পরিস্থিতি বুঝে পরিবারের সদস্যরা দেরি না করে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছনোর পর দ্রুত চিকিৎসা শুরু করেন চিকিৎসকেরা। তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। চিকিৎসা চলাকালীন ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। আপাতত তাঁকে চিকিৎসকদের নজরদারিতে রাখা হয়েছে। তাঁর অসুস্থতার কারণ নিয়ে হাসপাতালের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।
চলতি বছরই পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার পদে দায়িত্ব নেন রথীন্দ্র বসু। ১৫ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি স্পিকার নির্বাচিত হন। তার আগে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে ভোটে লড়েন তিনি। প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই জয় পান রথীন্দ্র। নির্বাচনে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি।
রথীন্দ্র বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সঙ্গে যোগাযোগ ছিল। পরে সক্রিয় রাজনীতিতে যোগ দেন। বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মধ্যেই তাঁর অসুস্থতার খবর সামনে আসায় উদ্বেগ ছড়িয়েছে অনুগামীদের মধ্যে। আপাতত হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।