বর্তমান রাজ্য সরকার সড়ক দুর্ঘটনা নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল। সড়ক দুর্ঘটনা থেকে মুক্তি পেতে আজ,৩রা আগস্ট থেকে রাজ্যজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হল 'পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬’। আগামী ৯ আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী এই বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দপ্তর। এই উদ্যোগে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা ট্রাফিক পুলিশ।
এই প্রকল্পের প্রচার নিজের 'এক্স হ্যান্ডেল' থেকে শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবারের এই প্রচার অভিযানের মূল অঙ্গীকার হলো - 'নিরাপদ সড়ক, নিরাপদ পশ্চিমবঙ্গ'।একটি সড়ক দুর্ঘটনা নিমেষেই কেড়ে নিতে পারে একটি মূল্যবান জীবন। তাই পথ নিরাপত্তা কেবল আইনি নিয়মকানুন মেনে চলার বিষয় নয়, এটি প্রতিটি সচেতন মানুষের এক পরম সামাজিক দায়িত্ব। আমরা গাড়ি বা দু'চাকার চালক হই কিংবা সাধারণ পথচারী, রাস্তায় আমাদের সামান্য সতর্ক দৃষ্টিভঙ্গি ও দায়িত্বশীলতা বহু সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে এবং মানুষের প্রাণ বাঁচাতে সক্ষম।
পথ নিরাপত্তা সপ্তাহের প্রধান অঙ্গীকারসমূহ - ১) রাস্তার সমস্ত ট্রাফিক সিগন্যাল ও পথ নিরাপত্তার নিয়মাবলি সর্বদা কঠোরভাবে মেনে চলা। ২) অতিরিক্ত গতিতে যানবাহন চালানো এবং ঝুঁকিপূর্ণভাবে ওভারটেকিং করা থেকে সম্পূর্ণ বিরত থাকা। ৩) মদ্যপ অবস্থায় গাড়ি বা মোটরসাইকেল না চালানো। ৪) দু'চাকা চালক ও আরোহী উভয়ের জন্য মানসম্মত হেলমেট এবং চারচাকা চালকদের ক্ষেত্রে সিটবেল্ট ব্যবহার নিশ্চিত করা। ৫) নিজে সচেতন থাকার পাশাপাশি একে অপরের খেয়াল রাখা এবং পথ নিরাপত্তার বার্তা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া।
আমাদের প্রত্যেকের একটি ছোট ও সচেতন পদক্ষেপই পারে একটি দুর্ঘটনা-মুক্ত ও সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলতে। সকলের যৌথ প্রচেষ্টায় আমাদের পরিবার, সন্তান এবং রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য এক সুরক্ষিত সড়ক পরিবেশ উপহার দেওয়াই এই বিশেষ কর্মসূচির মূল লক্ষ্য।




