একটি নোটিফিকেশন! আর সেখানেই থমকে গেল হাজার হাজার মানুষের দৈনন্দিন যোগাযোগ। সোমবার রাত থেকেই এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হয়েছেন বহু হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী। অ্যাপ খুলতেই স্ক্রিনে আসছে আপনার অ্যাকাউন্টটি পর্যালোচনা করা হচ্ছে। নিয়ম মেনে একাউন্ট ব্যবহার হচ্ছে কিনা তা যাচাই করছে অ্যাপ। এতে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আর এই সময়ের মধ্যে কোনোভাবেই অ্যাপ ব্যবহার করা যাবে না।
বর্তমান যুগে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি অফিসের কাজ, বিভিন্ন তথ্য আদান প্রদান কিংবা পড়াশোনা সব ক্ষেত্রেই মানুষের নিত্য সঙ্গী whatsapp। কোন আগাম সতর্কতা ছাড়া হঠাৎ করেই সাময়িকভাবে একাউন্ট অচল হয়ে যাওয়ায় বিপাকে পড়ছেন বহু মানুষ। অনেকেই সোশ্যাল মিডিয়ায় পোস্টে লিখছেন whatsapp সাময়িকভাবে বন্ধ হওয়ায় হঠাৎ করেই সব থমকে গেল।
এই ঘটনা যেন মনে করিয়ে দিল কোনও একটি মাত্র ডিজিটাল প্লাটফর্মের উপর নির্ভর থাকতে নেই, তা ঝুঁকিপূর্ণ হতেই পারে। গুরুত্বপূর্ণ নথি, যোগাযোগের দ্বিতীয় অপশান এবং প্রয়োজনীয় তথ্যের ব্যাকআপ সবসময়ই রাখা উচিত। উন্নত প্রযুক্তিতে জীবন সহজ হয়েছে ঠিকই কিন্তু সাময়িক পরিষেবা বিঘ্ন হলে তা মানুষের দৈনন্দিন জীবনে অনেক বড় প্রভাব ফেলতে পারে। এ যেন তারই জলজ্যান্ত উদাহরণ।
সমাজ মাধ্যমে এক ব্যক্তি লিখেছেন আমি অফিসের কাজ করি হোয়াটসঅ্যাপে। আচমকাই অ্যাপ বন্ধ হয়ে গেল। বুঝতে পারছি না কি করব। অনেকেই আবার দ্রুত সাহায্যের আরজি জানিয়েছেন।
তবে whatsapp সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাপের অপব্যবহার রুখতে, ব্যবহারকারীদের নিরাপত্তা এবং পরিষেবা স্বচ্ছ রাখতে করা হচ্ছে একাউন্ট পর্যালোচনা। তবে ভুলবশত কোনও অ্যাকাউন্ট রিভিউ এর তালিকায় চলে এলে তার দ্রুত সংশোধনের চেষ্টা করা হয়। আপাতত পর্যালোচনা চলছে। পর্যালোচনা শেষ হলে অবশ্যই ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে। তারপর থেকে স্বাভাবিকভাবে একাউন্ট ব্যবহার করা যাবে।