কলকাতা, নিউজ ডেস্ক: আজ (১৮ই সেপ্টেম্বর,২০২৬), শুক্রবার। একদিকে গোটা রাজ্য মেতে উঠেছে বিশ্বকর্মা পূজোর আনন্দে। আর এই আনন্দের মাঝে কেমন থাকছে আজকের দিনটির আবহাওয়া? সেই ব্যাপারে আসুন জানা যাক।
আবহাওয়া দফতর জানিয়েছে আজ মহানগর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস। কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে। মহানগরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। আগামী তিনদিন অর্থাৎ কুড়ি তারিখ পর্যন্ত কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস রয়েছে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুতের সঙ্গে দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে ঘন্টায় প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।
কলকাতা: সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। রোদ সামান্য সময়ের জন্য উঠতে পারে। এছাড়াও দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ মহানগরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া দফতর। একারনেই থাকছে কমলা সতর্কতা। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭°সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪°সেলসিয়াস। এর ফলে কলকাতার বাতাসে আর্দ্রতাজনিত কারণে ভ্যাপসা ভাব থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আজ কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে- প্রায় ৯৪%।এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গ: দক্ষিণবঙ্গের জেলাগুলি বিশেষত গঙ্গা তীরবর্তী যে জেলাগুলি সেখানে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষত হাওড়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এই কারণে এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা।
উত্তরবঙ্গ: আজ উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা গুরুত্বপূর্ণ। সাব হিমালয়ান পশ্চিমবঙ্গ তথা সিকিমের দিকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।দার্জিলিং, কালিম্পং,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের মতো এলাকায় বৃষ্টির দাপট বাড়তে চলেছে। গতকাল উত্তরবঙ্গের একাধিক জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে। কোচবিহারে ৬৩ মিলিমিটার এবং জলপাইগুড়িতে ৩২.২ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। এর ফলে সমগ্র পাহাড় এবং পাহাড় লাগোয়া অঞ্চলের পরিস্থিতি বদলেছে। ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সর্তকতা জারি হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। এছাড়াও বৃষ্টিপাত চলবে মালদা,উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলায়।