নয়াদিল্লি, বিশ্বদীপ বন্দ্যোপাধ্যায়: জাতীয় পরীক্ষা সংস্থা এনটিএ-কে নিশানা করে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইউজিসি-নিটের ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যার পরীক্ষা বাতিল করে সেপ্টেম্বরে নতুন করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রসঙ্গেই তাঁর এই আক্রমণ। রাহুলের অভিযোগ, এনটিএ-র প্রশাসনিক ব্যর্থতার খেসারত দিতে হচ্ছে হাজার হাজার পরীক্ষার্থীকে।
সোমবার সমাজ মাধ্যমে একটি পোস্টে প্রধানমন্ত্রীকে সরাসরি নিশানা করে রাহুল লেখেন, ‘‘মোদিজি, আপনার এনটিএ কী করেছে, সেটা দেখুন।’’ তাঁর দাবি, বছরের পর বছর প্রস্তুতি নিয়ে, ফর্ম পূরণ করে, পরীক্ষার ফি দিয়ে এবং দূরদূরান্তের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিয়েছিলেন বহু পরীক্ষার্থী। অথচ এনটিএ-এর ভুলের কারণে তাঁদের আবারও একই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
গত ২২ থেকে ৩০ জুনের মধ্যে নিটের বিভিন্ন পরীক্ষা হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞ কমিটির কাছে প্রশ্নপত্রে ত্রুটি এবং পুরনো প্রশ্ন পুনরাবৃত্তির অভিযোগ জমা পড়ার পর প্রায় দু’মাস বাদে ইংরেজি, কমার্স ও সমাজবিদ্যার পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় এনটিএ। ইংরেজি এবং কমার্সের পরীক্ষা হবে আগামী ৯ সেপ্টেম্বর। আর সমাজবিদ্যার পরীক্ষা ১০ সেপ্টেম্বর। নতুন পরীক্ষার জন্য কোনও অতিরিক্ত ফি নেওয়া হবে না বলেও জানিয়েছে এনটিএ।
এই ঘটনাকে দেশের শিক্ষা ব্যবস্থার বৃহত্তর সংকটের সঙ্গে জুড়েছেন রাহুল। তাঁর কথায়, বর্তমান শিক্ষা ব্যবস্থা আর শিক্ষা ব্যবস্থা নেই। বরং ‘এক্সট্র্যাকশন মেশিন’-এ পরিণত হয়েছে। পড়ুয়াদের টাকা, বছরের পর বছর সময়, মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এর পাশাপাশি প্রশ্নপত্র পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছেন কংগ্রেস নেতা। তাঁর অভিযোগ, বার বার পরীক্ষা সংক্রান্ত অনিয়ম সামনে এলেও প্রকৃত দায়ীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
রাহুলের দাবি, পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় নিয়ে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল কেবল প্রথম ধাপ। এনটিএ-র শীর্ষ নেতৃত্বকেও জবাবদিহির আওতায় আনতে হবে বলে দাবি করেছেন তিনি। এ দিকে এনটিএ জানিয়েছে, বাকি ৮৪টি বিষয়ের ফল নির্ধারিত সময়েই প্রকাশিত হবে। আসন সংখ্যাতেও কোনও কাটছাঁট করা হবে না।