মালদহের গাজোলে টাকার পাহাড়! বৃহস্পতিবার, নাকা চেকিংয়ের সময় দুই বাইক আরোহীর কাছে তল্লাশি চালিয়ে প্রায় ৪১ লক্ষ টাকার হদিশ পেল পুলিশ। রাস্তার ধারে বসেই টাকা গোনার মেশিনের সাহায্যে সেই টাকা গোনা হয়। পাশাপাশি অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় অভিযুক্ত ২ যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তদের নাম সিদ্ধার্থ মণ্ডল ও কিশোর মণ্ডল। বাড়ি মালদহের কালিয়াচক এলাকায়। এদিন গাজোলের রাঙ্গাভিটা এলাকার ১২ নং জাতীয় সড়কে পুলিশের নাকা ওই দুই যুবককে আটক করা হয়। এরপর দুই আরোহীর কাছে থাকা ব্যাগ খুলে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশকর্মীদের।
ব্যাগের ভিতর থেকে উদ্ধার হয় থরে থরে সাজানো নোটের বান্ডিল। যা হিসেব করে দেখা যায় প্রায় ৪১ লক্ষ টাকা। এত বিপুল পরিমাণ নগদের কোনও বৈধ নথি বা উপযুক্ত কারণ দেখাতে না পারায় পুলিশ উদ্ধার হওয়া নগদ বাজেয়াপ্ত করার পাশাপাশি ওই দুই যুবকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে।
শুধু তাই নয়, অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৫৬৮ গ্রাম ব্রাউন সুগার সহ ৪০ লক্ষ ৬৯ হাজার ৭০০ টাকা। এই মাদক ও টাকা কার কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
সম্প্রতি, মালদহ থানা এলাকার মঙ্গলবাড়ির একটি ফ্ল্যাটে যৌথ অভিযান চালায় দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলার পুলিশ। সেখানে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় কোটি কোটি টাকা। গত সোমবার ভোর পর্যন্ত চলে গোনা। বাজেয়াপ্ত হয় মোট ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। প্রায় ২০ গ্রাম সোনা ও একটি ল্যাপটপও উদ্ধার হয়েছে। অভিযুক্ত মালদহের তৃণমূল নেতা ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। এই ঘটনায় গ্রেফতার হয়েছে তিনজন।